দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে জিয়ারত করতে এসে জুতা হারানোর অভিযোগে পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন এক যুবক। অভিযোগে তিনি দাবি করেছেন, তার সাড়ে ৩ হাজার টাকা মূল্যের জুতা চুরি হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অভিযোগকারী আল আমিন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসিন্দা এবং মাসুদুর রহমানের ছেলে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, জিয়ারতের উদ্দেশ্যে মাজারে প্রবেশের আগে নির্ধারিত স্থানে তিনি তার জুতা খুলে রাখেন। জিয়ারত শেষে ফিরে এসে জুতা না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে জুতার সন্ধান না মেলায় তিনি থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, হারিয়ে যাওয়া এপ্রেক্স কোম্পানির কালো রঙের জুতার মূল্য প্রায় সাড়ে ৩ হাজার টাকা।
আল আমিন বলেন, বন্ধুদের সঙ্গে মাজারে জিয়ারত করতে এসে তার জুতা হারিয়ে যায়। তিনি বলেন, ‘জুতা মূল বিষয় নয়, পর্যটক ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তা কতটা নিশ্চিত, সেটাই গুরুত্বপূর্ণ। অভিযোগ দেওয়ার পর জানতে পারি, জুতা রাখার স্থানের সিসিটিভি ক্যামেরাটিও নষ্ট।’
তিনি তদন্ত করে দায়ী ব্যক্তিকে শনাক্ত এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে হযরত শাহজালাল (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল আজিজের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে পুলিশের একটি সূত্র জানায়, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, জুতা রাখার স্থানের ক্যামেরাটি অকার্যকর। ফলে তাৎক্ষণিকভাবে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি।
এমএম/